শেবাচিমে আগুন, অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যুর অভিযোগ
প্রকাশিত : ১১:৫৩, ১৮ মার্চ ২০২৬
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের ৫ম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতংকে ও ভবন থেকে স্থানান্তরিত হওয়ার সময় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন তিন আনসার সদস্য।
খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন রোগী ও স্বজনরা।
নিহতরা হলেন বরিশাল নগরের বারোইঝার হাট এলাকার আবুল হোসেন হাওলাদার (৬৫) এবং পটুয়াখালী সদরের কাজী আতাউর রহমান।
এর আগে রাত ১১টার দিকে হাসপাতালের নতুন মেডিসিন ভবনে পঞ্চম তলার স্টোর রুমে ফোমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পাশের ওয়ার্ডগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, প্রথমে ধোঁয়ার গন্ধ পেয়ে সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা গেলে রোগীদের নিয়ে স্বজনরা দ্রুত নিচে নামতে শুরু করেন। কেউ কোলে, কেউ হুইলচেয়ারে করে অসুস্থ রোগীদের সরিয়ে নেন। এতে পুরো হাসপাতালে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
নিহত আতাউর রহমানের স্বজনরা জানান, অক্সিজেন প্রয়োজন দেখা দিলে এক অ্যাম্বুলেন্স চালককে অক্সিজেন দেওয়ার বারবার অনুরোধ করলেও তিনি দেননি।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আগুনে স্টোর রুমে থাকা ফোম ও পুরাতন চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










