ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান ইন্তেকাল করেন। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াত, বিএনপি, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি