ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

শেরপুরে ভোট গ্রহণের দায়িত্ব পালনের জন্য আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-জামালপুর সড়কের সদর উপজেলার শিমুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সহকারী প্রিজাইডিং অফিসার মো. রোকুকনুজ্জামান (৩১) ও গৃহবধূ মাহফুজা বেগম (১৯)। মো. রোকুকনুজ্জামান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের তারা মিয়ার ছেলে এবং তিনি শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকরিরত ছিলেন। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তার ডিউটি ছিল। আর মাহফুজা বেগম জামালপুরে মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নীরব মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), নিহত মাহফুজার ৩ মাস বয়সী ছেলে আব্দুর রহমান, সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) ও জামালপুরের উপজেলার খইর এলাকার সুরাইয়া বেগম (২২)। 

আহতদের মধ্যে তিনজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকি দুইজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামান জামালপুর ব্রিজ মোড় থেকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সিএনজি অটোরিকশাযোগে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শিমুলতলি এলাকায় একটি পিকআপের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলেই সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত রোকুনুজ্জামান নিহত হন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মাহফুজা মারা যান।  

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলতলির ওই দুর্ঘটনায় একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি