ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত ৯টায়, চলবে দুটি বিশেষ ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

জামাতে অংশ নিতে প্রতিবছরের মতো এবারও চলবে দুটি বিশেষ ট্রেন। ঈদ জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামি চিন্তাবিদ, মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে। ট্রেন দুটি ভৈরব ও ময়মনসিংহ রুট দিয়ে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ আসবে এবং জামাত শেষে পুনরায় ফিরে যাবে।

ঈদগাহে নিরাপত্তার বিষয়ে সভায় জানানো হয়, জামাতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মাঠে মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি। থাকবেন পর্যাপ্ত র‍্যাব ও পুলিশ সদস্য। সাদাপোশাকে নজরদারি করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, ‘শোলাকিয়া দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি অজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি