ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সাবেক সদস্য মোঃ ছাত্তার আলী, একই এলাকার মোঃ আব্দুল মালেক ও মোঃ আনোয়ার হোসেন আনু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর সংকরপুর এলাকায় বাড়ি থেকে জোড়পূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় একটি ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী।

দীর্ঘ শুনানি ও ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি