সম্পর্ক উন্নয়নে ভারতে থাকা সাজাপ্রাপ্তদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা
প্রকাশিত : ১৪:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্তদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা জাহেদ উর রহমান। তিনি বলেন, অন্যান্য দেশগুলোর কাছেও জুলাই গণঅভ্যুত্থানে দণ্ডপ্রাপ্তদের ফেরত চাইবে বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বর্বরতার সঙ্গে বিভিন্ন ফর্মে নানান মানুষ জড়িত। তারা বিদেশে আরামের সঙ্গে জীবনযাপন এবং বাণী প্রসব করে, যা দেশের মানুষকে আহত করে। বাংলাদেশের জনগণের স্পর্শকাতর বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরকার তাদের ফেরত দিবে বলেও আশা করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতেও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘হাই কমিশনারের সাথে সাক্ষাতে শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে বাংলাদেশের সাথে একটি কার্যকর সম্পর্ক (ওয়ার্কিং এনগেজমেন্ট) জোরদারের স্বার্থে এই বিষয়টি ভারত সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।’
শেখ হাসিনাকে ফেরানোর পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকেই চাইছি, তাহলে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন? ভারত সরকারের কাছে আমাদের আহ্বান— বাংলাদেশের সাথে সম্পর্ক সহজীকরণ করার স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। শেখ হাসিনার যে বর্বরতা, তা কেবল জুলাইয়ে এসে সীমাবদ্ধ ছিল না, তার বর্বরতা বছরের পর বছর চলেছে। এগুলোর সাথে নানা মানুষ জড়িত ছিল।’
পলাতক আসামিদের ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘তারা দেশের বাইরে বসে আরাম-আয়েশের জীবনযাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য বা নসিহত প্রসব করছে, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে চরম আঘাত হানছে। আমরা আশা করি, ভারত সরকার বাংলাদেশের মানুষের এই অনুভূতি ও সেনসিটিভিটি বুঝবে এবং তাদেরকে হস্তান্তর করবে।’
এসময় তথ্য উপদেষ্টা বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে পল্লী বিদ্যুৎ গত ১৪ দিনে ১১ হাজার ১ শ ৮৮টি অভিযান পরিচালনা করে ৬শ’ ২৩টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং ১ কোটি ২৮ লাখ টাকা জরিমানা করেছে। এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র কখনও ক্রিপ্টকে ট্রেডিংকে সমর্থন করে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কখন হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও প্রস্তুতির বিষয় রয়েছে।’
তিনি বলেন, ‘সরকার কখন নির্বাচন করবে, সে বিষয়ে মোটামুটি একটি ধারণা ইতোমধ্যে জানানো হয়েছে। সেটিকে অনুসরণ করেই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনে যাবে। নির্বাচন অবশ্যই হবে। এ নিয়ে কোনও বিভ্রান্তি নেই।’
জাহেদ উর রহমান বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য। বিভিন্ন দল তাদের সমর্থিত প্রার্থী দেবে। আমরা ইতোমধ্যে একটি নতুন দলকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করতে দেখেছি। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এ নিয়ে কোনও বিভ্রান্তি থাকার কথা নয়।’
এএইচ
আরও পড়ুন










