ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি পিস্তলে শিশুপুত্রের চাপ, গুলিবিদ্ধ এসআই

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নাটোরে নিজ সরকারি পিস্তলের গুলিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মামুন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে তিনি সন্ধ্যায় বাসায় ফেরেন। পরে ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু পুত্র অসাবধানতাবশত পিস্তল নিয়ে খেলতে গিয়ে ট্রিগারে চাপ দিলে গুলি বের হয়ে যায়। গুলিটি এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহত এসআইয়ের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি