ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬

সাঘাটায় নাতির কাস্তের আঘাতে দাদি নিহত, আহত দাদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দাদিকে কাস্তে দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা। পরে অভিযুক্ত নাতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজেনা বেগম (৬৫) ওই গ্রামের বাসিন্দা। আহত আব্দুল করিম (৭০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শাকিল মিয়া একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকাসক্তির কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে বাড়ির পাশের একটি পাটক্ষেতে কাজ করার সময় দাদা-দাদির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল ধারালো কাস্তে দিয়ে দাদা ও দাদির ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজেনা বেগম মারা যান। আহত আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা শাকিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওসি মাহাবুব আলম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি