ঢাকা, সোমবার   ২২ জুন ২০২৬

সাভারে ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বনগাঁও এলাকায় বৃষ্টির সময় কৃষিজমিতে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান হোসেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বলিয়ারপুরের পাঁচআনি পাড়ার বাসিন্দা বদ্দু বেপারীর ছেলে দীন ইসলাম (৪৫) এবং একই এলাকার দুলাল (৬০)। অপর এক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের সময় দীন ইসলাম ও দুলাল কৃষিজমিতে কাজ করছিলেন। অপর ব্যক্তি মাঠের পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান হোসেন বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি