ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

সাভারে পরিত্যক্ত ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত ডোবা থেকে আবু কালাম (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী।

নিহত আবু কালাম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ডহরনগর গ্রামের সাইদুর রহমান মিনারের ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন এবং মুদি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা হাসপাতালের পেছনের ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি