ঢাকা, শুক্রবার   ২২ মে ২০২৬

সাভারে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৩, আটক ৪

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫০, ২২ মে ২০২৬

Ekushey Television Ltd.

সাভারের রাজাশনের আমতলা এলাকায় মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই টেলিভিশন সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে ওই এলাকায় অভিযুক্ত মাদক কারবারিদের আস্তানায় সংবাদ সংগ্রহে গেলে এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, স্থানীয় মাদক সম্রাট শামীম বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকদের মারধর করে আহত করা হয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ভাঙচুর হওয়া ক্যামেরার কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ।

আহত সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, “সংবাদ সংগ্রহের সময় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের তুলে নিয়ে মারধর করে এবং ক্যামেরা ভাঙচুর করে মেমোরি কার্ড নিয়ে যায়।”

সাভার মডেল থানার পরিদর্শক আরমান আলী বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি