ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পাটের গোডাউনে আগুন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৫, ২৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডালসহ তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার সালথা বাজার সংলগ্ন পুরুরা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তার ছিঁড়ে হঠাৎ একটি পাটের গোডাউনের ওপর পড়ে। শুকনো পাট থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডালসহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় তার অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়নে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম ধরা হয়েছে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট (তার ছিঁড়ে পড়া) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের টিমের দ্রুত তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে লাইনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি