ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। 

বুধবার বিকেলে ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। 

শুনানি শেষে মরদেহ উত্তোলনের অনুমতি দেন আদালত।

এদিকে, সালমান শাহর মায়ের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ায় সিআইডির অভিযোগপত্র দাখিলের জন্য একটি ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। তবে প্রায় ৩০ বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়া নাও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করা হতে পারে বলেও জানান তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী নীলা, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং পরিবারের সদস্যরা ঢাকার নিউ ইস্কাটনের বাসায় তাকে দেখতে যান। সেখানে স্ত্রী সামীরা হক ও এক কর্মচারী জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ফোনে জানানো হয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষের খাটের ওপর নিথর অবস্থায় দেখতে পান।

বহুল আলোচিত এ মৃত্যুরহস্য উদঘাটনে নতুন এই পদক্ষেপ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি