সিংড়ায় চাল ও পানি খেয়ে অসুস্থ ৮ কৃষি শ্রমিক, হাসপাতালে ভর্তি
প্রকাশিত : ২০:০৪, ২৮ এপ্রিল ২০২৬
নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন কৃষি শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা হলেন— মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবার বাড়ি একই গ্রামে।
অসুস্থ শ্রমিকদের ভাষ্য, তারা বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন। একপর্যায়ে বিরতির সময় জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে বমি, মাথা ঘোরা ও দুর্বলতা দেখা দিলে স্থানীয়রা তাদের দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অধিকাংশই এখন শঙ্কামুক্ত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর//
আরও পড়ুন










