সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
প্রকাশিত : ২০:৫৩, ২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া নাকাটি বটতলায় একটি বিবাদমান সরকারি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়া তথ্য পাওয়া গেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও জামতৈল গ্রামের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। তারা দুজনেই বিএনপির সিদ্দিক গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) সকালে ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও আওয়ামী লীগপন্থি আসমত আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে পুকুরে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সিদ্দিক গ্রুপের একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এমআর//
আরও পড়ুন










