ঢাকা, সোমবার   ০৬ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে হ্যানী ট্র্যাপার নারী গ্রেপ্তার, অপহৃত প্রবাসী উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩২, ৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় সৌদি প্রবাসীকে কৌশলে বাড়িতে ডেকে এনে অপহরণ, আপত্তিকর ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোট অংকের টাকা মুক্তিপণ দাবি করা চক্রের হ্যানী ট্র্যাপার নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই প্রবাসীকেও।

সোমবার দুপুরে রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সলঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক লাকী খাতুন (২৬) থানার চরবেড়া গ্রামের বাসিন্দা। ইতিপূর্বে তার মাদারীপুরে বিয়ে হয়েছিল। এদিকে অভিযানে উদ্ধার ভুক্তভোগী রাসেল ফকির (৩০) জেলার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের রহিম ফকিরের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের সৌদি প্রবাসী রাসেল ফকির গত ৪ জুলাই বিকেল থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ রাসেলের মোবাইল ফোন থেকে তার স্ত্রী হাসি খাতুনের কাছে ফোন আসে। 

ফোনে এক নারী নিজেকে অপহরণকারীদের পক্ষের পরিচয় দিয়ে জানান, রাসেল তাদের জিম্মায় রয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে হত্যা এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেওয়া হয়। 

তখন একটি বিকাশ নম্বরে দ্রুত টাকা পাঠানোর শর্তে মেঘুল্লা বাসস্ট্যান্ডের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে দুই দফায় মোট ৫০ হাজার টাকা পাঠানো হয়। এরপরও অপহরণকারীরা রাসেলকে মুক্তি না দিয়ে নগদ আরো ৫ লাখ টাকা নিয়ে সলঙ্গার তেলকুপি গ্রামে যেতে বলে। 
বিষয়টি রাসেলের পরিবার সলঙ্গা থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে রোববার রাত ১০টা ১০ মিনিটে পুলিশের একটি দল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে ছদ্মবেশে ৫ লাখ টাকা নিয়ে তেলকুপি নদীর পাড়ে অবস্থান নেয়। 

এ সময় লাকী খাতুন টাকা নিতে এলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চরবেড়া পূর্বপাড়ায় তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য পালিয়ে গেলেও লাকীর শয়নকক্ষের তালা ভেঙে সেখান থেকে অপহৃত রাসেল ফকিরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানের সময় লাকী খাতুনের কাছ থেকে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত সিমসহ একটি কালো রঙের মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

উদ্ধারের পর রাসেল ফকির পুলিশকে জানান, বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা রয়েছে বলে লাকী খাতুন তাকে গত ৪ জুলাই বিকেলে মোবাইল ফোনে ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর তার মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।

তার অভিযোগ, রাতে লাকী খাতুন জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করে সহযোগীদের দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও ওসি আসলাম আলী জানান, ঘটনার মূল আসামীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি