সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
প্রকাশিত : ১১:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট গেলেন তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় তিনি সিলেট এয়ারপোর্টে পৌঁছান। এর আগে বেলা ১০.৫০টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোঃ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাষ্ট্রপতির সারাদিনের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত এবং বিকালে একটি নাগরিক সংবর্ধনা সভায় যোগদান।
রাষ্ট্রপতিকে বরণ ও সংবর্ধনার জন্য সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কয়েকদিন ধরেই চলছে নগরের সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সব মিলিয়ে নগরজুড়ে এখন উৎসবের আমেজ।
সফরসূচি অনুযায়ী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।
এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজেই অবস্থান করবেন তিনি।
রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এএইচ
আরও পড়ুন










