সৌদি আরবের সঙ্গে মিল রেখে সদরপুরে ঈদুল আজহা উদযাপন
প্রকাশিত : ১৭:২৪, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৭:৩২, ২৬ মে ২০২৬
ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন একদল মুসল্লি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক।
ব্যতিক্রমী এ ঈদের জামাতে দরবার শরীফের ভক্ত-অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে অনুসৃত শরিয়তসম্মত নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, “আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করি। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই এ আয়োজন করা হয়। এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”
এমআর//
আরও পড়ুন










