সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস
প্রকাশিত : ১৩:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময়ে উভয়ের মধ্যে ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়।
আজ রবিবার সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এএইচ
আরও পড়ুন










