ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬

সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৭ মে ২০২৬ | আপডেট: ২৩:১০, ৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি আরব যে হজ বিধিমালা জারি করেছে, তা মেনে চলতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতিবিহীন হজের উদ্যোগের বিষয়ে কঠিন শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদি সরকারের এই বিধিমালায় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আভাস মিলেছে। এ বিধান ভঙ্গকারী বিদেশি বাসিন্দাদেরকে দেশত্যাগ এবং ১০ বছর পর্যন্ত পুনরায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদেরকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। 

অবৈধ হজযাত্রী ছাড়াও যেসব ব্যক্তি অবৈধ হজযাত্রী পরিবহন, আবাসন কিংবা অন্য কোনো সহায়তা দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে সৌদি সরকার। এ ক্ষেত্রে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি এ কাজে ব্যবহৃত যানবাহন আইনানুগভাবে বাজেয়াপ্ত করার কথা বলেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশোধিত বিধির আওতায় দাপ্তরিকভাবে হজের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল মক্কা ও অন্যান্য পবিত্র স্থানসমূহে প্রবেশ করতে পারবে। এটি সকল হজযাত্রী ও সৌদি আরবে বসবাসরতদের জন্য প্রযোজ্য হবে। 

এ নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলক্বদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ হজের অনুমতি ছাড়া ভিজিট ভিসাধারী ব্যক্তিরা মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিক, বিদেশি বাসিন্দা ও সকল ভিসাধারীদেরকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে। 

জনসাধারণকে গুরুত্বপূর্ণ এলাকার ক্ষেত্রে ৯১১ এবং অন্যান্য স্থানের ক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে আইন অমান্যকারীদের বিষয়ে তথ্য দিতে উদ্বুদ্ধ করেছে  মন্ত্রণালয়।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি