ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ১৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের একই পরিবারের দুই সহোদর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরের দিকে সৌদি আরবের রিয়াদে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সজীব ও সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

সহকর্মীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সৌদি আরবের রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 
দুর্ঘটনায় দুই ভাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুই সহোদর ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

এই হৃদয়বিদারক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এলাকাবাসী মহান আল্লাহর দরবারে নিহত দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি