ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৩১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে স্কুল চলাকালীন যে যানজটের সৃষ্টি হয়, তা থেকে মুক্তি পেতে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় যে ভয়াবহ যানজট সৃষ্টি হয়, তা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরির পরামর্শ দেন তিনি।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আলোচনায় উঠে আসে, রাজধানীর কোনও কোনও স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এর ফলে মূল সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের পাশাপাশি খোদ শিক্ষার্থীদেরও সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। 

এই সমস্যাগুলো গভীরভাবে চিহ্নিত করে আধুনিক ও কার্যকর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি