স্ত্রী ডিভোর্স দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহনন
প্রকাশিত : ১৪:৫০, ২৫ এপ্রিল ২০২৬
বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ডিভোর্স দেওয়ায় অভিমান করে পেট্রোল ঢেলে শরীরে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির আত্মহননের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বজনেরা। পথিমধ্যে রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকার মহিলা ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, ভিকটিম নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্ৰামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিবাহ করে দীর্ঘ দিন যাবত ঘরজামাই ছিলেন। সংসারে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। নজরুল পেশায় শাহফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। সে বহুদিন পর পর বাড়িতে আসত। সংসারের খরচ ঠিক মত দেয় না বলে দাম্পত্য জীবনে স্বামীস্ত্রীর মধ্যে বনিবনা ছিল না।
এর আগে দুইবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদও হয়েছিল। সর্বশেষ স্ত্রী তাকে তালাক দেয়। এই অভিমানে সে বাজারের রাস্তায় গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার বগুড়ায় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিম নজরুল ইসলাম জুয়া খেলে ধারদেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে তার স্ত্রী তাকে তালাক দেয়। দেনার চাপ ও স্ত্রীর উপর অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়, এ খবর থানা পুলিশ জানতে পেরেছে।
এএইচ
আরও পড়ুন










