ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬

স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার জিরোপয়েন্ট হান্নান সড়ক এলাকায় স্ত্রীর অধিকারের দাবিতে স্বামীর বাড়িতে আমরণ অনশনে বসেছেন মলি বিশ্বাস নামের এক নারী। ভুক্তভোগী ওই নারীর দাবি, পারিবারিক আয়োজনে অগ্নি স্বাক্ষী রেখে সাতপাঁকে বিয়ে করলেও এখন স্বামী ও তার পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। 

কৃষ্ণনগর এলাকার গ্রাম্য চিকিৎসক বাবা স্বপন মল্লিকের কণ্যার সাথে গেল বছরের ২৬ সেপ্টেম্বর ঘটা করে পারিবারিক আয়োজনে বিবাহ সম্পন্ন হয় খুলনার জিরোপয়েন্ট হান্নান সড়কের দিজেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তিনি। 

তবে হাতে মেহেদীর রং উঠার আগেই জীবনে বিষাদ নেমে আসে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া গৃহবধূ মলি মল্লিকের জীবনে। তিনি জানান, স্বামীসহ তার পরিবারের লোকজন যোগাযোগ বন্ধ রেখেছেন। এমনকি বাড়িতে ঢুকতেও দিচ্ছেনা তারা। 

স্থানীয়রা জানান, মলির অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবস্থান শুরু হওয়ার পর থেকেই বাড়ি থেকে সটকে পড়েছেন অভিযুক্ত স্বামী। এদিকে মলি মল্লিকের পাশে দাঁড়িয়েছেন এলাকার সচেতন নাগরিক ও প্রতিবেশীরা। তারা চান ঘটনার একটি সুষ্ঠু ও আইনি সমাধান।

এই বিষয়ে অভিযুক্ত স্বামীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি