হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
প্রকাশিত : ১৭:৫৩, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৪, ১৭ এপ্রিল ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেবা দিতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে উড়াল দেওয়ার কথা রয়েছে। এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, প্রস্তুতি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করেন।
এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
তিনি বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। এ সময় হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, “যা করার দরকার, তা-ই করা হবে।”
এমআর//
আরও পড়ুন










