হবিগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রকাশিত : ২১:৫৪, ২৫ মে ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের শিশু বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
এসময় স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, লোকলজ্জার ভয়ে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। পরে অবস্থার অবনতি হলে আজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর//
আরও পড়ুন










