ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:০১, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশি কোনো জাহাজ আর সেখানে আটকানো হবে না।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশি কোনও জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী। বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলোচনায় ঐকমত্যে না পৌছায়, তাহলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যেন জ্বালানি সংকট না হয়, সে চেষ্টা করে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে যু্দ্ধের মধ‍্যেও বাংলাদেশকে স্বস্তির জায়গায় রাখার চেষ্টা চলছে।

ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যারা বাংলাদেশি ফেরত আসতে চাচ্ছে, তাদের আসতে সহযোগিতা করবে। এসময় ইসরায়েলি হামলায় পর্যুদস্ত লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান তিনি।

এছাড়া, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তিনি এবং এ বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি