হামে মৃত্যু শিশুর ক্ষতিপূরণ ১ কোটি টাকা কেন নয়, রুল জারি
প্রকাশিত : ১৬:০০, ১ সেপ্টেম্বর ২০২৬
হামে এক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ড. ইউনূসসহ ৬ জনকে ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুয়েল আজাদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবিদা আসমা প্রমি।
এর আগে ৬ জুলাই টিকার সংকট ও সরবরাহে গাফিলতির কারণে এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে অবহেলার কারণ অনুসন্ধানে কমিটি ও ক্ষতিপূরণ হিসেবে জরুরি ভিত্তিতে ৫ লাখ টাকা ও চূড়ান্তভাবে ১ কোটি টাকার আবেদন করা হয়।
রিট আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করা হয়। অন্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার ডিসি।
আদালত বলেছেন, রাজধানীর একটি শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলা ছিল কিনা- তা খতিয়ে দেখতে হবে।
আদালতের রুলে বলা হয়েছে, কেন এই শিশুর মৃত্যুর ঘটনায় সংবিধানের ৩১, ৩২ ও ৩৫(১) অনুচ্ছেদ অনুযায়ী তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানাতে হবে। রুলের জবাব দিতে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ছয়জনকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
গত ৬ জুলাই ভুক্তভোগী রিটটি দায়ের করেন। এর আগে রাজধানীর একটি হাসপাতালে সাফওয়ান নামে ৭ মাস বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা মো. শাকিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭৬ হাজারের বেশি।
এএইচ
আরও পড়ুন










