ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

১৪ ঘণ্টা পর সিলেট বিভাগে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা ধরে চলা পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে বুধবার (১ এপ্রিল) রাত থেকে এই ধর্মঘটের ডাক দেন পাম্প মালিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখা এই ঘোষণা দেয়।  

এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পাম্প মালিক নেতাদের প্রায় ঘণ্টাব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনার পর সংকট নিরসনে একমত হওয়ায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পাম্প মালিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসন সেগুলো বিবেচনার আশ্বাস দেয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান যে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষাপটে তারা কর্মসূচি আপাতত স্থগিত করছেন। 

এদিকে দুপুর ২টার পর থেকে সিলেটের পাম্পগুলোতে পুনরায় তেল বিক্রি শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মালিক সমিতির পক্ষ থেকে ক্রেতাদের প্রতি সংযত হওয়ার এবং অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকেই পেট্রোল পাম্প মালিক সমিতি ক্রেতাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আসছিল। বুধবার রাতের আকস্মিক ধর্মঘটে পুরো বিভাগের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছিল। 

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে। তবে পাম্প মালিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবিগুলো যথাযথভাবে পূরণ না হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচির কথা বিবেচনা করা হতে পারে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি