ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

​জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ২২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে দীর্ঘ ৩ ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

মেরামত পর শনিবার বেলা পৌনে ১২টার দিকে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

​ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

আকস্মিক এই দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।

ঘটনার পরপরই উদ্ধারের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। 

এতে প্রায় ৩ ঘণ্টা পর বেলা পৌনে ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি