ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

৫ বন্ধু মিলে আড্ডা, হঠাৎ নদীর তীর ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ভোলায় মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় আকস্মিক নদীর তীর ধসে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তাদের একজন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য।

বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’ খ্যাত মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার মো. আমজাদ এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার মো. রাকিব।

স্থানীয়রা জানান, পাঁচ বন্ধু নদীর তীরে বসে আড্ডা দেওয়ার একপর্যায়ে হঠাৎ জিওব্যাগসহ নদীর তীরের মাটি ধসে পড়ে। মুহূর্তেই পাঁচজনই খরস্রোতা মেঘনায় পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে রাতেই উদ্ধার অভিযান চালায়। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

নিখোঁজ দুই যুবককে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি