ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৯৯৯-এ কল পেয়ে ফুলপুরে ট্রাক-বাস সংঘর্ষে দ্রুত উদ্ধার অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফুলপুরের বালিয়ার মোড় এলাকার কাকলি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সেনাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েছেন।

খবর পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশন ও ফুলপুর থানা–কে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার আল-আমিন সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে এবং আহত ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক ও বাসচালকের মৃত্যু হয়েছে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি