ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তি সঞ্চয় করছে। এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে।

এটি আরও শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (১৮ নভেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

এটি আরো উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২০ নভেম্বর দুপুরে অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। 

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি