ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬

আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ১৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা ।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোজো মিডিয়া ইনস্টিটিউট ও সিজেইএন বাংলাদেশের যৌথ আয়োজনে পরিচালিত এ ফেলোশিপের লক্ষ্য বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স উন্নয়ন করা।

প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে এ ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়েছে।

ফেলোশিপের আওতায় তিনি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও আরও দুই শিক্ষক এ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

রিফাত সুলতানার এ অর্জনে সন্তোষ প্রকাশ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি