ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬

আল্লামা মুহাম্মদ ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৯, ২৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

করাচিতে ইকবালের সমাধিতে ফাতেহা পাঠ করেন তিনি। পরে জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়। পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহের পক্ষে প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর (সোমবার) ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। 

২৪ নভেম্বর (মঙ্গলবার) তারা ইসলামাবাদে পৌঁছান। পরে ইসলামাবাদ ও লাহোরে বিভিন্ন কর্মসূচি শেষে ২৭ নভেম্বর (শুক্রবার) করাচিতে যান।

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া রয়েছেন বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

সফরসূচি অনুযায়ী, ২৭ নভেম্বর (শুক্রবার) করাচিতে পৌঁছানোর পর প্রতিনিধি দলের সদস্যরা সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে প্রাদেশিক নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সফরকালে প্রাদেশিক নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ছয় দিনের সফর শেষে ২৮ নভেম্বর (শনিবার) প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি