নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত শাকিল
প্রকাশিত : ১৫:৪০, ২৮ নভেম্বর ২০২৬
কখনও পথশিশুদের সাথে গল্প-আড্ডা, আবার কখনও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া; মুমূর্ষু রোগীদের রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষদের চিকিৎসাসেবা—এমন নানা ধরনের মানবিক কাজের সাথে জড়িয়ে আছেন ২৮ বছরের যুবক এ কে এম শাকিল।
সরকারি বাঙলা কলেজ থেকে অনার্স এবং পরবর্তীতে মাস্টার্স শেষ করে বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ২০১৭ সালে রক্তদানের মাধ্যমে শাকিলের এই মানবিক যাত্রার সূচনা হয়। সময়ের সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানোর এই সেবামূলক কাজটি এখন তার এক দারুণ নেশায় পরিণত হয়েছে।
ছিন্নমূল শিশুদের বিশ্বাস ও ভালোবাসা জয় করে তিনি আজ তাদের প্রিয় বন্ধুতে পরিণত হয়েছেন। ঘটনার শুরু ২০২০ সালের করোনা মহামারির সময়ে। একদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অপরিচিত শিশুকে রক্ত দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে কিছুটা সময় কাটাচ্ছিলেন শাকিল। হঠাৎ একদল শিশু এসে তার কাছে খাবার চায়। ওদের অভুক্ত মুখগুলো দেখে শাকিলের বুকের ভেতর এক অন্যরকম কষ্ট অনুভূত হয়।
তিনি শিশুদের নিয়ে যান শাহবাগের ফুটওভার ব্রিজের পাশের একটি খাবার হোটেলে। সেখানে তাদের পেট পুরে খাওয়ানোর পর শিশুরা আচমকা শাকিলকে জড়িয়ে ধরে। অবুঝ শিশুদের এই অকৃত্রিম ভালোবাসা শাকিলের মনে এক গভীর ভালো লাগা তৈরি করে। আর এই ভালো লাগার টানেই তিনি প্রতিনিয়ত ওদের সাথে মিশতে শুরু করেন।
একদিন শাকিল ভাবলেন, এই শিশুদের যদি একটু পড়াশোনা শেখানো যায়, তবে অন্তত কোথাও কাজ করে তারা টিকে থাকতে পারবে। ফুল বিক্রি, পানি বিক্রি কিংবা হোটেলে কাজ—যাই করুক না কেন, ন্যূনতম হিসাব-নিকাশ জানা তো প্রয়োজন। সেই ভাবনা থেকেই খোলা আকাশের নিচে শুরু হয় শিশুদের অক্ষরজ্ঞানের আলো ছড়ানোর কাজ। এভাবেই ভালোবাসার টানে গড়ে ওঠে এক নিবিড় বন্ধুত্ব, আর শাকিল হয়ে ওঠেন পথশিশুদের আপনজন।
শাকিলের এই মানবিক অভিযাত্রার শুরুটা হয়েছিল ২০১৭ সালে, অপরিচিত এক বৃদ্ধাকে রক্তদানের মাধ্যমে। সেদিন এক মধ্যবয়সী নারীকে রক্তের জন্য হাহাকার করতে ও কাঁদতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ থমকে যান। ডাক্তার জানিয়ে দিয়েছিলেন, দ্রুত রক্ত না পেলে সেই মুমূর্ষু বৃদ্ধাকে বাঁচানো সম্ভব নয়। দিনটি ছিল সেই তরুণের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
কিন্তু নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা একমুহূর্ত চিন্তা না করে, অপরিচিত এক মায়ের জীবন বাঁচানোকেই তিনি সবচেয়ে বড় কর্তব্য মনে করলেন। পরীক্ষা কেন্দ্রের বদলে তিনি ছুটে গেলেন রক্ত দিতে। রক্তদান শেষে তড়িঘড়ি করে যখন পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।
সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় সেদিন আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি তাঁর। নিজের জীবনের এত বড় একটি পরীক্ষা বিসর্জন দিয়ে, এক অপরিচিত মানুষের মুখে হাসি ফোটানো সেই নিঃস্বার্থ যুবক আর কেউ নন—তিনি সাতক্ষীরা জেলার দরগাহপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে এ কে এম শাকিল।
২০১৮ সালে শাকিল সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুরের সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তি হন। কলেজের আশপাশে ডজনখানেক হাসপাতাল থাকায় প্রতিদিন অসংখ্য রোগীর স্বজনরা রক্তদাতার খোঁজে ক্যাম্পাসে আসতেন। বিষয়টি শাকিলের নজর কাড়ে। তখন তার নিজের কোনো স্মার্টফোন ছিল না।
তিনি ভাবলেন, রক্তের জন্য আসা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। বাবার সহায়তায় কমদামি একটি স্মার্টফোন কিনে তিনি অনলাইনে গড়ে তোলেন 'বাঙলা কলেজ ব্লাড ব্যাংক'। পরবর্তীতে এই সেবামূলক কাজকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এর নামকরণ করা হয় "৭ কলেজ ব্লাড অর্গানাইজেশন"। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী এই সংগঠনে নিঃস্বার্থভাবে শ্রম দিচ্ছেন। দীর্ঘদিন ধরে শাকিল ও তার পুরো টিম প্রতিদিন বিনামূল্যে শত শত রোগীকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন।
তবে আজকের এই অবস্থানে পৌঁছাতে শাকিলকে পাড়ি দিতে হয়েছে বহু বাধা, বিপত্তি আর প্রতিকূলতার পাহাড়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মানবসেবায় অনন্য ভূমিকা রাখছে "৭ কলেজ ব্লাড অর্গানাইজেশন"। রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের আহ্বান, রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে রক্তদাতার ব্যবস্থা করাসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে সংগঠনটি।
দেশের যেকোনো বড় বিপদে বা ট্র্যাজেডিতে এই সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সবসময় নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েন। গরিব, অসহায় ও অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে ২০২০ সাল থেকে তারা বাস্তবায়ন করে আসছে "রুটি দিবস"। এই কর্মসূচির মূল লক্ষ্য—বছরের অন্তত একটি দিন যেন এই অসহায় মানুষগুলোকে ক্ষুধার্ত থাকতে না হয়।
করোনা মহামারির সেই কঠিন দিনগুলোতেও ঘরে বসে থাকেননি শাকিল। নিজ এলাকায় করোনা আক্রান্ত রোগীদের নিরলস সেবা দিয়েছেন। কয়েকজন উদ্যমী তরুণকে সাথে নিয়ে গড়ে তোলেন বিনামূল্যে অক্সিজেন সেবা নেটওয়ার্ক। পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাবার বিতরণেও তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। শিশুদের আলোর পথ দেখাতে ২০২৪ সাল থেকে শাকিল যুক্ত হন সুবিধাবঞ্চিতদের শিক্ষাদানে।
'মজার ইশকুল', 'জুম বাংলাদেশ স্কুল' এবং 'প্রত্যয় শিশু কেন্দ্র'—এই তিনটি স্কুলের মাধ্যমে তিনি পথশিশুদের নিয়মিত পাঠদান করিয়েছেন। বর্তমানে ঢাকা শহরের দুই শতাধিক ছিন্নমূল শিশুর কাছে তিনি পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার 'শাকিল স্যার'। শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয় তার এই কাজ; বিভিন্ন জেলায় ভলান্টিয়ার প্রোগ্রাম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার সাহায্যে তিনি তরুণ সমাজকে রক্তদানসহ বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা কিংবা দক্ষিণবঙ্গের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়—যেকোনো দুর্যোগে দুর্গত ও বানভাসি মানুষের পাশে ত্রাণ ও ভালোবাসা নিয়ে বারবার ছুটে গিয়েছেন মানবিক এ কে এম শাকিল। নিজের কাজের অনুপ্রেরণা সম্পর্কে শাকিল বলেন, "ভালো কাজের পেছনে সময় দিতে পারছি, এটা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। সুতরাং এই নেয়ামত ও পুণ্য থেকে নিজেকে আমি দূরে রাখতে চাই না।"
শিক্ষাজীবন শেষ করে শাকিল বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পেশাগত ব্যস্ততার কারণে আগের মতো সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে থাকার সুযোগ হয়তো এখন আর হয় না, কিন্তু তাই বলে তাঁর মানবিক কাজ একটুও থমকে যায়নি। নিজের প্রতিষ্ঠিত সংগঠনের পাশাপাশি মাঠপর্যায় থেকে শুরু করে শহরের বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠানে তিনি প্রতি মাসে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। পেশার পাশাপাশি এখনো তিনি যুক্ত আছেন দেশের বেশ কিছু প্রথম সারির সামাজিক সংগঠনের সাথে।
এর মধ্যে—স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন', "পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল এবং তাদের কল্যাণে নিয়োজিত সংগঠন—'জুম বাংলাদেশ', 'মজার ইশকুল' 'বেটার হোপ ফাউন্ডেশন' ও প্রত্যয় শিক্ষা কেন্দ্র, " প্রাথমিক চিকিৎসাসেবামূলক প্রতিষ্ঠান 'সেবার সূচনা' এবং 'বন্ধুত্বের বাংলাদেশ' সহ বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য।
একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে শাকিলের স্বপ্নের পরিধিটা এখনো অনেক বড়। তিনি বিশ্বাস করেন, সুযোগ ও ব্যস্ততা যেমনই হোক না কেন, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাটাই আসল। একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও প্রতি মাসে নিজের উপার্জিত বেতনের ২০ শতাংশ অর্থ তিনি অসহায় মানুষের কল্যাণে নির্দ্বিধায় ব্যয় করেন। নিজের এই ত্যাগের বিষয়ে শাকিল বলেন, "আল্লাহর রহমতে পড়াশোনা শেষ করে মাত্রই একটি কোম্পানিতে নতুন যোগ দিয়েছি। বেতন যে খুব বেশি, তেমনটা কিন্তু নয়।
তার ওপর পরিবারের খরচ, নিজের ব্যক্তিগত খরচসহ আরও অনেক ধরনের দায়-দায়িত্ব থাকে। তবুও সব সামলে আমি চেষ্টা করি আমার বেতনের একটি অংশ মানুষের জন্য তুলে রাখতে। প্রতি মাসে ন্যূনতম ২০ শতাংশ অর্থ আমি মানবিক কাজেই ব্যয় করি।" বাধা-বিপত্তি আর সীমাবদ্ধতা পেরিয়ে শাকিলের এই পথচলা যেন বর্তমান তরুণ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের বিশেষ পরিস্থিতির কারণে যখন পুলিশ কর্মবিরতিতে ছিল, তখন ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত একটানা আট দিন ট্রাফিকের দায়িত্ব পালন করেন শাকিল। তীব্র সংকটকালীন মুহূর্তে তার এই নিঃস্বার্থ পরিশ্রম সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।
শুধু ট্রাফিক নিয়ন্ত্রণেই নয়, ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও তাকে দুর্গত এলাকার মানুষের জন্য বিভিন্ন মানবিক কাজ করতে দেখা গেছে। মানবসেবার এই চেতনাকে তিনি শুধু জীবিতাবস্থার মাঝেই সীমাবদ্ধ রাখেননি। মৃত্যুর পরও যেন কারও চোখ দিয়ে এই পৃথিবীর আলো দেখতে পারেন, সেজন্য তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন। 'সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি'র মরণোত্তর চক্ষুদাতা হিসেবে তিনি নিজের নাম নিবন্ধন করেছেন, যার কার্ড নম্বর: siebon-7374।
শীতার্তদের পাশে ও সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু উত্তরবঙ্গের কনকনে শীতের মাঝেও নিজেকে মানবসেবায় বিলিয়ে দিয়েছেন এই তরুণ। অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও গরম পোশাক বিতরণ করে কুড়িয়েছেন অফুরন্ত ভালোবাসা।
তবে শাকিলের মানবিক কাজের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে তাঁর বন্ধুর মতো মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা। কখনো 'শাকিল স্যার' হয়ে তাদের শিক্ষার আলো ছড়ানো, আবার কখনো পথশিশুদের পরম বন্ধু হিসেবে পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তিনি পুরস্কৃতও হয়েছেন।
তার এই মানবিক কাজের অনুপ্রেরণা কীভাবে হলো—এ বিষয়ে জানতে চাইলে শাকিল আবেগঘন কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন: "ছোটবেলা থেকে আমি আমার বাবাকে দেখেছি মানুষের বিপদে সবার আগে এগিয়ে যেতে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে। সংসারের অভাব-অনটনের মাঝেও বাবার এমন নিঃস্বার্থ পরোপকার প্রতিনিয়ত আমার হৃদয়ে কড়া নাড়ত।
তখন থেকেই স্বপ্ন দেখতাম—কখনো সুযোগ পেলে আমিও বাবার মতো ভালো কিছু করব, মানুষের বিপদে পাশে থাকব এবং তাদের সাহায্য করব। তাই বাবার মতোই আমি চেষ্টা করে যাচ্ছি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর। বাবার মানবিক কাজগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে।
আমার বাবা এখনো মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যা আমাকে প্রতি মুহূর্তে আনন্দ দেয়। বাবাকে নিয়ে এত এত গল্প রয়েছে যে, তা বলে শেষ করা সম্ভব নয়। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, তিনি যেন আমার বাবা-মাকে সবসময় সুস্থ রাখেন।" নিজ গ্রামে শাকিল তাঁর এই মহান কাজগুলোর জন্য সবার কাছে অত্যন্ত প্রিয় এবং গ্রামবাসী সবসময় তাঁর পাশে থাকেন।
কেবল দুর্যোগেই নয়, প্রতিদিনের জীবনেও তিনি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। প্রায়শই হাসপাতালে মুমূর্ষু রোগীর পাশে থেকে সেবা করতে গিয়ে শাকিলকে নির্ঘুম রাত কাটাতে হয়। নিজের শত ব্যস্ততার মাঝেও নিয়মিত রক্তদান করতে ভোলেন না তিনি। শাকিল জানিয়েছেন, যতদিন সুস্থ থাকবেন, ততদিন রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের পাশে থাকবেন।
একাধারে একজন নিষ্ঠাবান স্বেচ্ছাসেবী, নিয়মিত রক্তদাতা, মরণোত্তর চক্ষুদাতা, পথশিশুদের সেবক, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষক এবং কোভিড-১৯ মহামারির সম্মুখসারির যোদ্ধা—সব মিলিয়ে শাকিল আজ সমাজের এক অনুপ্রেরণার নাম।
এমএইচ
আরও পড়ুন










