ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ কমিশন প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে তিনি অপারগতা প্রকাশ করেছেন আবেদনে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে এই আবেদন পাঠান তিনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, অধ্যাপক ফায়েজ এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে অধ্যাপক ফায়েজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এসএমএ ফায়েজ ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যস্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি