ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

ইফার কর্মীদের নতুন স্কেলে বেতন নির্ধারণে জরুরি নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন-ভাতা নির্ধারণের লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগ থেকে মহাপরিচালকের অনুমোদনক্রমে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর জারিকৃত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুযায়ী বেতন-ভাতা সমন্বয় করা প্রয়োজন।

এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে জুন ২০২৬ মাসের বেতন বিবরণীসহ (পে স্লিপ) যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি আগামী ১৪ অক্টোবরের (বুধবার) মধ্যে অর্থ ও হিসাব বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পিআরএল গ্রহণকারী ও অবসরগামী কর্মীদের বিষয়ে আদেশে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে যাদের পিআরএল শেষ হবে, তাদের নতুন স্কেল অনুযায়ী চূড়ান্ত আর্থিক পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে নিষ্পত্তি করা হবে।

অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত ওই নির্দেশনায় পে-ফিক্সেশন প্রক্রিয়া সহজ করার সুবিধার্থে দুটি নির্ধারিত ফরম এবং পূরণকৃত নমুনা কপি সংযুক্ত করা হয়েছে। 

এর মাধ্যমে ১ম থেকে ৯ম গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন-ভাতা নির্ভুলভাবে হিসাব করে দাবি করতে পারবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি