ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ২৯ জুন ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল (১৭) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় শাজিদুলকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাজিদুল শনিবার সকালে ঢাকা থেকে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পর দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে ওই হোটেলে রাত্রি যাপন করেন। রাতে সাথে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করেন শাজিদুল। 

পরে অসুস্থ হলে বন্ধুর সহযোগিতায় আবাসিক হোটেলের লোকজন রোববার সকাল ৯টার দিকে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তারা সেখানে না গিয়ে পুনরায় হোটেলে নিয়ে ফেরেন। 

এরপর বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত কিশোরের সাথে থাকা বন্ধু হাবিব জানান, শনিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অগোচরে অতিরিক্ত মদ্যপান করেন। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন। 

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসে। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি