ঢাকা, শনিবার   ২৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ২৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর ও দুই পুলিশ সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা হাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অংশ নিতে দেখা যায়।

ঘটনার পর সেই ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুরের চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টহলরত পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। 

গাড়িতে ভাঙচুরের পরপরই পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। 

তিনি আরও জানান, এতে সদর থানার এসআই ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান পুলিশ সদস্যরা।

ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এদিকে হামলার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি