চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
প্রকাশিত : ১৯:৫১, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে শিক্ষার্থীদের দেওয়া 'আর কখনো চুয়েট ক্যাম্পাসে না ফেরার' শর্ত মেনে নিয়ে তিনি পুলিশি পাহারায় একটি অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ত্যাগ করেন।
উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে নিচে নামিয়ে আনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন যে, তারা ভিসিকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন একটি মাত্র শর্তে—তা হলো তিনি আর কখনো চুয়েটে ফিরতে পারবেন না।
এই ঘোষণার সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন। উপাচার্য অ্যাম্বুলেন্সে ওঠার সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। জেলা প্রশাসক জানিয়েছেন, একজন সম্মানিত শিক্ষক হিসেবে তিনি নিরাপত্তা ও চিকিৎসার আবেদন করায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে গত ২১ সেপ্টেম্বর থেকে অচলাবস্থা চলছিল। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেয়। এই পরিস্থিতির মধ্যে গত সোমবার (১২ অক্টোবর) সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে নতুন করে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন এবং তা পূরণ না হওয়ায় তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
উপাচার্যের এভাবে ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও একাত্মতা প্রকাশ করে। তারা যৌথভাবে সর্বাত্মক অসহযোগ ও কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই আকস্মিক কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যস্থতায় মঙ্গলবার বিকেলে উপাচার্যকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়।
এমএইচ
আরও পড়ুন










