ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। 

বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাকে সাময়িকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার (১ নভেম্বর) এক অফিশিয়াল ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়, যা রোববার বিকেল থেকেই কার্যকর হয়েছে এবং সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত উপাচার্য কর্মস্থলে না ফেরা পর্যন্ত বহাল থাকবে।

তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে সোমবার চুয়েটের সমস্ত ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ থাকবে। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে তারা কেবল নিজেদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে ক্লাসে ফিরেছিলেন, কিন্তু নবনিযুক্ত উপাচার্যকে তারা শুরু থেকেই মেনে নেননি। 

তাদের দাবি, শিক্ষার্থীদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে এভাবে অন্য কাউকে রুটিন দায়িত্ব দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি