ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, স্থানান্তরের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৮:৩৭, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর। 

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ২৪ নভেম্বর। 

হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর। 

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোটার স্থানান্তরের সুযোগ

এদিকে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে।

শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির সময়সূচি অনুযায়ী আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। ভোটার স্থানান্তরের আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর।

চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।’

এ সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিস্পত্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি