ঢাকা, মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬

ছাত্রলীগ কর্মীকে মারধর, রাবি জিএস আম্মারের ওপর পাল্টা হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

প্রক্টরের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে কথিত এক ছাত্রলীগ কর্মীকে পেটানোর পর পুলিশে সোপর্দ করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, কথিত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক ও বাজে আচরণ করেন। ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত হওয়ার পর প্রক্টরের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানান রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও তার সঙ্গে থাকা সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীকে মারধর করা হয় এবং পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তবে এই ঘটনার কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে তার অনুসারীরা অভিযোগ করেন। এতে আরও আহত হন রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব। 

উক্ত ঘটনার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, ‘ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি