জাবি ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি, অভিযুক্তের সনদ স্থগিত
প্রকাশিত : ১০:৫৯, ১ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫০, ১ মার্চ ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৪৪তম ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামের সনদপত্র স্থগিত ও ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, লোক প্রশাসন বিভাগের ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হল হতে হুমকি-ধামকি দিয়ে ইস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)র ৪৪তম ব্যাচের সাবেক ছাত্র অভিযুক্ত তারিকুল ইসলাম পাশ্ববর্তী ইসলামনগরের বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। পরে কৌশলে ওই শিক্ষার্থী ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে ইসলামনগরের সৈয়দ ভিলার ওই বাসা থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার এক বিশেষ সভার মাধ্যমে অভিযুক্তের সনদপত্র সাময়িক স্থগিত ও অভিযোগের বিষয়ে তদন্ত করতে জীববিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক মাফরুহী সাত্তারকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযুক্তের স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলের সনদপত্র সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে নিরাপত্তার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
এএইচ
আরও পড়ুন










