ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসভবনে বেনামি একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে তার মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক প্যানেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে উদ্বেগ জানালে বিষয়টি আমলে নেয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হুমকির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি