ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬

জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন, এগিয়ে ছেলেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৩১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। এবার জিপিএ ৫-এ এগিয়ে রয়েছেন ছেলেরা। অন্যদিকে পাসের হারে এগিয়ে মেয়েরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার মেয়েদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪৭.১৪ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছেন ছেলেরা।

সারা দেশে জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৩৬৩ ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। ছাত্রীদের থেকে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ ৫ পেয়েছেন।

এর আগে, গত বছর এ পরীক্ষায় প্রথমে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। পরে অবশ্য পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নে আরও আরও ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। 

তারও আগে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি