ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

ট্রেনে ঈদযাত্রায় ২৪ মে’র টিকিট মিলছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২৮ মে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের জন্য ২৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

সূচি অনুযায়ী, আজ সকালে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে গতকাল ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি