ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিও তে দেখা যায়, জিজ্ঞাসাবাদে জামাত আমির নিজেকে কলেজশিক্ষক পরিচয় দিয়ে নাম ও বাবার নাম বলছেন। তার কাছে ৫০ লাখ প্লাস টাকা আছে। কীসের টাকা? এ প্রশ্নে তিনি বলেন, ‘ব্যবসার টাকা।’ কী ব্যবসা আপনার? সে প্রশ্নে বলেন, ‘গার্মেন্টস ব্যবসা।’

এই খবরটি ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্য দেখা যায় সব মহলে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি জানান, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আনুমানিক ৫০ লাখ টাকা তার কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমকর্মীদের সামনে টাকা গণনা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি