ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
প্রকাশিত : ১৮:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুজন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৩০৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৫, বরিশাল বিভাগে ২০২, চট্টগ্রাম বিভাগে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে রাজশাহী বিভাগে ১০৪, ময়মনসিংহ বিভাগে ৯৩, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন। সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৯ জনের।
এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭, ময়মনসিংহে ১৫, বরিশালে ১২, চট্টগ্রামে ১২ এবং রাজশাহী বিভাগে ছয়জন মারা গেছেন। রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এমএইচ










